বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রোগী ও তাদের স্বজনদের নিরাপদ, স্বচ্ছ এবং দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে টহলরত প্লাটুন কমান্ডার মোহাম্মদ হাসান দেখতে পান, এক ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী প্লাটুন কমান্ডার আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের সদস্য মো. জহিরুল ইসলাম (৩৯)কে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের দালাল চক্রের প্রতারণা, আর্থিক শোষণ এবং হয়রানি থেকে সুরক্ষা দিতে তাদের সদস্যরা নিয়মিত টহল, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এসব কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের সেবার পরিবেশ আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে কাজ করে যাচ্ছে বাহিনী।








