ডিএসসিএসসিতে আনসার-ভিডিপির ভূমিকা তুলে ধরলেন মহাপরিচালক

ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (DSCSC) আমন্ত্রণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ “শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা” শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মোট ৩৫৩ জন কর্মকর্তা অংশ নেন।
উপস্থাপনায় মহাপরিচালক বাহিনীর গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতার পর দেশের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ধারাবাহিক ভূমিকা তুলে ধরেন।
তিনি শান্তিকাল ও যুদ্ধকালীন সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি বাহিনীর সাংগঠনিক কাঠামো, সক্ষমতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধারণা প্রদান করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মহাপরিচালক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, নির্বাচনকালীন দায়িত্ব পালন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত সদস্যভিত্তিক এই বাহিনী জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে নিরলসভাবে কাজ করছে।

বক্তৃতা শেষে আয়োজিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দেশি-বিদেশি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। তথ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত এই উপস্থাপনার মাধ্যমে শান্তি ও যুদ্ধাবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত ভূমিকা, সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তায় বাহিনীর অবদান সম্পর্কে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিস্তারিত ধারণা লাভ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের পক্ষ থেকে মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।








