ভালুকায় আনসার সদস্যদের তৎপরতায় বৃদ্ধার হারানো ব্যাগ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অসহায় বৃদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। তাদের দ্রুত তৎপরতা ও মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ওই বৃদ্ধার জীবনে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) সকালে চিকিৎসাসেবা নিতে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে যান ওই বৃদ্ধা। এ সময় রোগীদের অতিরিক্ত ভিড়ের মধ্যে অসাবধানতাবশত তার ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগে মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র থাকায় সেটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরে বিষয়টি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের জানান।
বৃদ্ধার কাছ থেকে খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত ব্যাগটি উদ্ধারে অনুসন্ধানে নামেন। তাদের আন্তরিক প্রচেষ্টা ও তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীসহ ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। পরে যাচাই-বাছাই করে ব্যাগটির প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করা হয় এবং তা বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র ফিরে পেয়ে দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটে ওই বৃদ্ধার। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ফিরে আসে তার মুখের স্বস্তি ও আনন্দের হাসি। আনসার সদস্যদের এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ পারভেজসহ হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মেডিকেল অফিসার ডা. মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। রোগীদের যেকোনো সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি আনসার সদস্যরাও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন। হারানো ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীবান্ধব পরিবেশ বজায় রাখতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। হারিয়ে যাওয়া মোবাইল ফোন, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আনসার সদস্যরা তাদের সততা, দায়িত্ববোধ ও মানবিকতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতেও রোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবার মান আরও উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষ একইভাবে কাজ করে যাবে।








