কাপাসিয়ায় আগুনে ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

গাজীপুরের কাপাসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফল ব্যবসায়ী লাল মিয়া লালুর বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকা, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার খোদাদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে হঠাৎ লাল মিয়া লালুর বসতঘর থেকে আগুনের শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ডিপটি বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে প্রতিবেশীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই পুরো ঘর পুড়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘরের তিনটি কক্ষের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। একই সঙ্গে ফল ব্যবসার জন্য ঘরে রাখা নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকাও আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে হিসাব করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ঘর ও ব্যবসার মূলধন হারিয়ে চরম বিপাকে পড়েছে লাল মিয়া লালুর পরিবার। নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও ঘরের ব্যবহার্য সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে।








