পুকুরের পানিতে ডুবে গেছে স্কুলের পথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথটি পানিতে তলিয়ে গেছে। বিদ্যালয়ের পাশের পুকুরের পানি উপচে পড়ে ইটের সলিং করা সরু রাস্তাটি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সঙ্গে সংযুক্ত ইটের সলিংয়ের রাস্তাটির অধিকাংশই পানির নিচে রয়েছে। কোথাও কোথাও প্রায় হাঁটুপানি জমে থাকায় ছোট শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুকুরের পানি ও রাস্তার মধ্যকার সীমানা স্পষ্ট না থাকায় অসাবধানতাবশত দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই বিদ্যালয়ে যাতায়াতের জন্য পাশের একটি বাড়ির আঙিনা ব্যবহার করছেন। এতে প্রতিদিনই তাদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পুকুরের পানি বৃদ্ধি পেয়ে বিদ্যালয়ের প্রবেশপথটি পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা বাধ্য হয়ে বিকল্প পথ হিসেবে পাশের বাড়ির আঙিনা দিয়ে চলাচল করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সচেতন মহলের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের পথ দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা উদ্বেগজনক। কোমলমতি শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি রাস্তা উঁচু করে পুনর্নির্মাণ এবং পুকুরের পাড়ে নিরাপত্তা রেলিং স্থাপন করা জরুরি।
ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের যাতায়াতের পথের সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন বলেন, সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রবেশপথটি আরও উঁচু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুরের পাশে রেলিং স্থাপনের উদ্যোগও নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সমস্যাটির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।








