Logo

হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৮
হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধানমহালে আওয়ামী লীগের কথিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭২ সালে একজনকে এবং ২০২৪ সালে আরেকজনকে বিতাড়িত করেছে। গুম ও হত্যার বিচারসহ বিভিন্ন বিষয়ে জনগণ আবারও তাদের বিরুদ্ধে অবস্থান নেবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী দাবি করেন, গত ১৭ বছর জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জনগণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করেছে। যারা সেই গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে তারা মাঠে রয়েছেন বলেও তিনি বলেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘদিন যারা লুটপাট করেছে বলে তারা দাবি করেন, তারা এখন দেশের বিরুদ্ধে কাজ ও সন্ত্রাস করছে। তিনি বলেন, যারা মানুষ হত্যার পর দেশ ছেড়ে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেন, তারা আবার দেশে ফেরার কথা বলছে। তাদের দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই।

তিনি বলেন, যারা নিজেদের বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। বিএনপি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করলেও অন্য বিরোধী দলগুলোর অবস্থান নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বাংলাদেশের রাজনীতি জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্যসচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় নেতারা।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD