ভবন সংকটে খোলা আকাশের নিচে চলছে মিনাজপুর স্কুলের পাঠদান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভবন সংকটের কারণে চরম দুর্ভোগের মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে প্রতিদিন খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। বর্ষাকাল, তীব্র রোদ কিংবা বৈরী আবহাওয়ায় পাঠদান ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরোনো ভবন ২০২১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে ভবনটি নিলামের মাধ্যমে অপসারণ করা হলেও এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভর করেই চলছে শিক্ষা কার্যক্রম।
বর্তমানে বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২১০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অথচ পাঠদানের জন্য ব্যবহারযোগ্য রয়েছে মাত্র দুটি শ্রেণিকক্ষ। এর মধ্যে দুটি শ্রেণির ক্লাস কক্ষে পরিচালিত হলেও বাকি তিনটি শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে খোলা আকাশের নিচে বসিয়ে পাঠদান করানো হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্ষার সময় বৃষ্টি শুরু হলে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। আবার প্রচণ্ড রোদ কিংবা ঝড়ো আবহাওয়াতেও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, ভবন সংকটের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময় যেখানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ছিল, বর্তমানে সেই সংখ্যা কমে ২১০ জনে নেমে এসেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানি বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ চাওয়া হয়েছে। নতুন ভবনের কাজ শুরু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা দিতে অস্থায়ী টিনশেড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত নতুন বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরু করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।








