আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন, পুড়ল বিপুল কাপড়

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) ভোরে লাগা এ আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের আরও চারটি ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আটটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তাদের ধারণা, গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও অন্যান্য দাহ্য উপকরণ মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।
আগুনের তীব্রতা এবং ঘন ধোঁয়ার কারণে আশপাশের কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জোরদার করা হয়।
দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে নিশ্চিত করতে ভেতরে লুকিয়ে থাকা আগুনের উৎস শনাক্ত ও নির্মূলে ডাম্পিং কার্যক্রম আরও কিছু সময় অব্যাহত রাখা হয়।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








