এতিম কন্যার বিয়েতে অভিভাবকের দায়িত্বে জেলা প্রশাসক

পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারের এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। ব্যতিক্রমী এই আয়োজনে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন। এ সময় তিনি নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই তার বেড়ে ওঠা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিজ্ঞাপন
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানমসহ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিয়েকে কেন্দ্র করে সরকারি শিশু পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে বসবাসরত এতিম ও দুস্থ শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। হাসি, শুভেচ্ছা ও আবেগে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এই ব্যতিক্রমী উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।








