ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও কীভাবে বিয়ে করলেন আমির-গৌরী?

বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে ঘিরে কয়েক মাস ধরেই ছিল ব্যাপক আগ্রহ। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে—ভিন্ন ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও কীভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা? গৌরী কি আমিরকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেছেন?
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে অত্যন্ত সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে এই বিয়ের আয়োজন। রোববার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে নিবন্ধনপত্রে স্বাক্ষরের মাধ্যমে আইনিভাবে স্বামী-স্ত্রী হন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং আমির খানের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ।
আমির খান মুসলিম ধর্মাবলম্বী, আর গৌরী স্প্র্যাট হিন্দু পরিবারে জন্ম নেওয়া। এ কারণে তারা কোনো ধর্মীয় রীতিতে বিয়ে না করে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে করেছেন। এই আইনের অধীনে ভিন্ন ধর্মের দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধর্ম পরিবর্তন ছাড়াই আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিয়ের আগে এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছিলেন, পুরো আয়োজনটি হবে একান্ত ব্যক্তিগত। তিনি বলেছিলেন, এটি হবে খুবই সাধারণ একটি রেজিস্ট্রি বিয়ে, যেখানে শুধু পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, পাশাপাশি বসে আছেন নবদম্পতি, তাদের মাঝখানে বসে রয়েছে গৌরীর আগের সংসারের ছোট ছেলে। পেছনের সারিতে ছিলেন আমিরের ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা। শপথগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এরপর গৌরীর হাতে চুম্বন করেন আমির, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একসঙ্গে নাচছেন আমির ও গৌরী। তাদের আনন্দে যোগ দেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও। ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এরপরই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও দুই বছরেরও বেশি আগে তাদের আবার যোগাযোগ শুরু হয়। সেই সূত্রেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। পরে আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্তের কথাও জানান।
বিজ্ঞাপন
এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি, সেই সংসারে রয়েছে ছেলে আজাদ। অন্যদিকে গৌরী স্প্র্যাটেরও আগের সংসারের একটি ছেলে রয়েছে। নতুন জীবনের শুরুতে দুই পরিবারের সদস্যদের একসঙ্গে উপস্থিতি বিয়ের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিয়ের অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী এলি আব্রাম, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং আম্বানি পরিবারের কয়েকজন সদস্যসহ আমিরের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিয়ের পর গৌরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না—এমন প্রশ্নও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে আমির খান বা গৌরী স্প্র্যাট—কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে ধর্ম পরিবর্তনের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে তারা যে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রি বিয়ে করেছেন, সেটি থেকেই স্পষ্ট যে এই বিয়ের জন্য ধর্ম পরিবর্তন আইনগতভাবে প্রয়োজন ছিল না।
উল্লেখ্য, আমির খানের আগের দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওও বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এবারও একই পথ অনুসরণ করে ভিন্ন ধর্মীয় পরিচয় বজায় রেখেই নতুন জীবন শুরু করেছেন আমির খান ও গৌরী স্প্র্যাট।








