বন্যাকবলিত বন্ধুর খোঁজে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ফার্মেসি ব্যবসায়ী। নিহত মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) উপজেলার টৈটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোকতার আহমদের ছেলে। পেকুয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় তার একটি ফার্মেসি ছিল।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলে নন্দীরপাড়া যাচ্ছিলেন মানিক উদ্দিন নাহিদ। পথে সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহীও আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, যা আঘাতের গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বন্যাকবলিত বন্ধুর খোঁজ নিতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক প্রকাশ করেছেন স্বজন, বন্ধু ও পরিচিতজনরা।








