তক্তারচালা-হতেয়া সড়ক সংস্কারে ধীরগতি, চরম দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের মির্জাপুর ও সখিপুর উপজেলার সংযোগস্থলে অবস্থিত তক্তারচালা-হতেয়া সড়কের ২১০ মিটার অংশের পুনর্নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ধীরগতির সংস্কারকাজের সঙ্গে সাম্প্রতিক টানা বর্ষণে সড়কের ওই অংশ কাদাময় হয়ে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
দুই উপজেলার সীমান্তবর্তী এই সড়কটি মির্জাপুর, সখিপুর ছাড়াও গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। বিকল্প সড়ক না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গবাদিপশু ব্যবসায়ীরা। টাঙ্গাইলের বৃহত্তম পশুর হাট ‘কাইতলা হাট’-এ গাজীপুরের ফুলবাড়িয়া, শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও পিরোজালী এলাকা থেকে বিপুলসংখ্যক ব্যবসায়ী গরু-মহিষ নিয়ে আসেন। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে পশু পরিবহন এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়েই তারা এই পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে চিকিৎসাসেবা পেতেও চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা দ্রুততম সময়ের মধ্যে সড়কটি অন্তত চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কারকাজ শেষ না হলে স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা আরও মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে সখিপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছি। কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে রডের খাঁচা তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হবে এবং মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।








