Logo

কক্সবাজারে দুর্যোগ মোকাবিলায় নিরলস কাজ করছে আনসার-ভিডিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৬, ১৯:২৩
কক্সবাজারে দুর্যোগ মোকাবিলায় নিরলস কাজ করছে আনসার-ভিডিপি
ছবি প্রতিনিধি।

টানা ভারী বর্ষণ, বন্যা এবং পাহাড়ধসের ঝুঁকিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে উদ্ধার, সচেতনতামূলক প্রচারণা, নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়াসহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

জেলার বিভিন্ন উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, পানিবন্দী মানুষকে উদ্ধার, মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জোরদার, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দলনেতা সাইফুল ইসলাম বালুখালী ও পালংখালী এলাকার পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে সচেতন করছেন। পাশাপাশি অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যাকবলিত এলাকার তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে ইউনিয়ন আনসার কমান্ডার মো. নুরুল আমিনের নেতৃত্বে ভিডিপি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে পানিবন্দী মানুষকে সতর্ক করছেন এবং আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের নিয়ে আটকে পড়া মানুষকে উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পেকুয়া উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. শফিউল আজমের নেতৃত্বে সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার সুফাইদা ইয়াসমিন সিলছড়ি ইউনিয়নের পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া টৈটং ইউনিয়নের আনসার কমান্ডার ও দলনেত্রী হামিদা বেগম এবং বারবাকিয়া ইউনিয়নের দলনেত্রী হাসিনা বেগমও স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করছেন।

চকরিয়া উপজেলায় আনসার কোম্পানি কমান্ডার মোক্তার আহমদ, দলনেত্রী তছলিমা জান্নাত, দলনেতা নুরুল আবছার, ইউনিয়ন আনসার কমান্ডার মো. শাহা জাহানসহ বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা বন্যাকবলিত ও পাহাড়ধসপ্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, নৌকাযোগে উদ্ধার, সড়কের ওপর পড়ে থাকা গাছ ও মাটি অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক রাখা, ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর এবং সার্বিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করছেন। তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

মহেশখালী উপজেলায় ইউনিয়ন দলনেতা মো. আলমগীর, মো. জসিম উদ্দিন এবং ওয়ার্ড দলনেতা নুর মোহাম্মদের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা পাহাড়ি ও পানিবন্দী এলাকার মানুষ এবং গৃহপালিত পশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। একই সঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্বাসনে সহযোগিতা, সড়কে পড়ে থাকা গাছ অপসারণ, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্যোগকালীন মানবিক দায়িত্ব পালনে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজারে চলমান কার্যক্রমে আবারও প্রমাণ হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আনসার ও ভিডিপি একটি নির্ভরযোগ্য ও কার্যকর জননিরাপত্তা বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD