মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে পুশ-ইনের চেষ্টা করা ছয়জন ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প থেকে ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। ওই ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দলের সদস্যদের নজরে পড়েন তারা। পরে সামন্তা বিওপির বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
মহেশপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের মতো যেকোনো তৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করছে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের যেকোনো চেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে।








