Logo

সীমান্ত এলাকায় গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৮:০২
সীমান্ত এলাকায় গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সদস্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) বৈষ্ণবনগর এলাকার একটি বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই সদস্য হলেন ৭১ নম্বর ব্যাটালিয়নের অজয় কুমার সিংহ (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। অজয় কুমার সিংহের বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায় এবং আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলিতে। আহত সদস্য বিকাশ ব্রহ্ম (৪৪), তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মহন্দা গ্রামের বাসিন্দা।

ঘটনার পর অভিযুক্ত বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। তবে কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিএসএফ উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্যে জানা গেছে, বৈষ্ণবনগর থানার ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্পে ১১৯ নম্বর ব্যাটালিয়নের এক সদস্য হঠাৎ ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই সদস্যকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD