অনশন শেষে সোনাম ওয়াংচুককে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করার পর তাকে শুভকামনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “আমি সোনামজিকে অনুরোধ করছি, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলেন এবং যত দ্রুত সম্ভব আগের শারীরিক সক্ষমতা ও ওজন ফিরে পান। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।”
গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া অনশন শেষ করেন ওয়াংচুক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের এমন আশ্বাস পাওয়ার পর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি অনশন ভঙ্গ করেন।
অনশন ভাঙার সময় কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং, লেহ-লাদাখের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক এবং ওয়াংচুকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই কেন্দ্রীয় মন্ত্রী তাকে এক কাপ থেকে পানি পান করিয়ে অনশন ভাঙতে সহায়তা করছেন।
অনশন ভাঙার পর ওয়াংচুক বলেন, “আমি অনশন শেষ করতে পেরে কৃতজ্ঞ ও আনন্দিত।” পরে স্ত্রী গীতাঞ্জলীর উদ্দেশে তিনি বলেন, “তিনি সবসময় আমার পাশে ছিলেন। শুধু ধন্যবাদ জানিয়ে তার প্রতি আমার অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।”
বিজ্ঞাপন
ভিডিওতে জে.পি. নাড্ডাকে সরকারের দেওয়া আশ্বাসগুলোও পড়ে শোনাতে দেখা যায়।
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এক্সে দেওয়া পোস্টে ওয়াংচুকের অনশন ভাঙাকে স্বাগত জানিয়ে বলেন, তার এই আত্মত্যাগ দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে দলের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
সূত্র: এনডিটিভি








