Logo

দীর্ঘ ২৬ দিন পর অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৪:৫০
দীর্ঘ ২৬ দিন পর অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৬ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙেছেন ভারতের জলবায়ু, পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত ১টার দিকে তিনি তরল খাবার গ্রহণের মাধ্যমে অনশন কর্মসূচির ইতি টানেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে অনশন ভাঙার মুহূর্ত দেখা যায়। ভিডিওতে হাসপাতালের শয্যায় থাকা সোনাম ওয়াংচুকের পাশে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জে.পি. নাড্ডা ও জীতেন্দ্র সিংকে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী গীতাঞ্জলী আংমোও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও ভিডিওটি প্রকাশ করেছে।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক।

ভিডিও বার্তায় সোনাম বলেন, “অনশন ভাঙতে পেরে আমি কৃতজ্ঞ। গীতাঞ্জলী সবসময় আমার পাশে ছিল। তাকে ধন্যবাদ নয়, আমার অনুভূতির কথাই জানাতে চাই।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সবাইকে অনুরোধ করব, কোনোভাবেই যেন সহিংসতার পথে না যায়। কোথাও কোনো ধরনের সহিংস ঘটনা ঘটুক, তা আমি চাই না।”

অনশন শুরুর পর টানা ২০ দিন যন্তর মন্তর এলাকাতেই অবস্থান করেন সোনাম। পরে ২১তম দিনে ভোরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার স্ত্রী গীতাঞ্জলী দিল্লি হাইকোর্টে আবেদন করলে আদালতের নির্দেশে পরে তাকে নয়াদিল্লির মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

নিট প্রশ্নফাঁসের ঘটনায় সিজেপি ও সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিলেন। যদিও তিনি এখনও পদত্যাগ করেননি। তবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশীকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়। এর পরই সোনাম তার অনশন ভাঙেন।

মেদান্ত হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, টানা ২৬ দিনের অনশনের ফলে সোনাম ওয়াংচুকের ওজন প্রায় ১১ কেজি কমে গেছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD