Logo

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৯:৫৬
ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্পেন। রাজধানী মাদ্রিদের আশপাশের এলাকা এবং অ্যাভিলা প্রদেশে একাধিক স্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্প্যানিশ সরকার।

বিজ্ঞাপন

আগুনের তীব্রতার কারণে ইতোমধ্যে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক এলাকায় একযোগে দাবানল, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন সরকারি সংস্থার সম্পদ ও জনবল দ্রুত সমন্বয়ের প্রয়োজনীয়তার কারণে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই স্পেনসহ দক্ষিণ ইউরোপে দাবানলের ঝুঁকি বাড়ছে। বসন্তে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জন্ম নেওয়া ঘন উদ্ভিদ গ্রীষ্মের তীব্র তাপে শুকিয়ে দাহ্য পদার্থে পরিণত হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে বিশ্বকাপ জয়ের পরই দাবানল শুরু হয়েছে—এমনটি নয়। জুনের শেষ দিক থেকেই তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়। জুলাইয়ের শুরু থেকে তা আরও ভয়াবহ রূপ নেয়। ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দীর্ঘ শুষ্ক আবহাওয়া বনাঞ্চলকে দাবানলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে।

পরিস্থিতিকে ‘অত্যন্ত সংকটজনক’ উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছে মাদ্রিদের আঞ্চলিক প্রশাসন। তাদের আশঙ্কা, ভিলা দেল প্রদো, সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস ও আলমোরক্সের সক্রিয় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে অ্যাভিলার বুরগোহোন্ডো এলাকার আগুন আগামী কয়েক ঘণ্টার মধ্যে মাদ্রিদ অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, ভিলা দেল প্রদো, সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস, পেলায়োস দে লা প্রেসা ও আলদিয়া দেল ফ্রেসনো এলাকা থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতিহাসে প্রথম জাতীয় জরুরি অবস্থা

জাতীয় নাগরিক সুরক্ষা আইনের আওতায় দাবানল মোকাবিলায় এই প্রথম দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর ফলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে চলে গেছে।

বিজ্ঞাপন

দুর্গত এলাকায় ২৭০ জনের বেশি উদ্ধারকর্মী, ৪০টি স্থল ইউনিট এবং মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

চলতি বছরে স্পেনে ইতোমধ্যে ১ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে, যা গত এক দশকের বার্ষিক গড় ক্ষয়ক্ষতির প্রায় সমান। দাবানলে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে ২০২৬ সাল দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল মৌসুমে পরিণত হয়েছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD