মির্জাপুরে নির্যাতন-ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর ঢামেকে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে মারধর, পাশবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মোরশেদা আক্তার (৩৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোরশেদা আক্তার উপজেলার তরফপুর ইউনিয়নের দরানিপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী।
পরিবারের স্বজনদের অভিযোগ, গত ২২ জুলাই রাতে ছোট ছেলেকে নিয়ে নিজ বাড়িতে একা ছিলেন মোরশেদা। এ সময় প্রতিবেশী তোতা মিয়ার ছেলে আরিফ জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাঁকে মারধর ও পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে তাঁকে ধর্ষণ করা হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরদিন সকালে স্বজনরা গুরুতর আহত অবস্থায় মোরশেদাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিবারের দাবি, মৃত্যুর আগে মোরশেদা স্বজনদের কাছে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় তাঁর বাবার বাড়িতে মরদেহ দাফন করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দেশে ফিরে নিহতের স্বামী সাইদুল ইসলাম আরিফকে একমাত্র আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








