নতুন স্কুল ব্যাগে উচ্ছ্বসিত পঞ্চপল্লীর খুদে শিক্ষার্থীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুর্বার উন্নয়ন সংস্থার উদ্যোগে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। কোমলমতি শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তোলা, নিয়মিত পাঠদানে অংশগ্রহণে উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণের ঘাটতি দূর করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যাগে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক অরুণ কুমার সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার। বক্তব্যে তিনি দুর্বার উন্নয়ন সংস্থার এই প্রশংসনীয় উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের এমন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে তুলে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রানী ব্রহ্ম। এছাড়া বিদ্যালয়টির সহকারী শিক্ষক মিতালী রানী রায় ও ডলি রানী বৈরাগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে অতিথিরা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির খুদে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সামাজিক এই কার্যক্রম সম্পর্কে দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন জানান, শিক্ষায় উৎসাহ জোগানো এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই তাদের এই প্রয়াস। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ধারা বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, দুর্বার উন্নয়ন সংস্থা সবসময় পরিবেশ ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারি ও প্রশাসনিক সহযোগিতা পেলে সংস্থাটি সমাজ উন্নয়ন ও শিক্ষাপ্রসারে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।








