Logo

ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৭
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান
তারেক রহমান । ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত ঘোষিত দুটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে এসব ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশায় ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবার মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত নির্বাচন ও গণভোট চলাকালে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ঘটনায় জাল ভোট প্রদান এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD