মির্জাপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ মিয়া (৬০) ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সেদ্ধ ধান শুকানোর জন্য বাড়ির পাশের এক ভাতিজার নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে যান খোরশেদ মিয়া। বৃষ্টির পানি জমে থাকায় তিনি ছাদের পানি নিচে ফেলছিলেন। এ সময় পানি নিচে পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই রোমেজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
বিজ্ঞাপন
এক পর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে রোমেজ মিয়া সেখান থেকে চলে যান। পরে তিনি কোদাল নিয়ে এসে অতর্কিতভাবে খোরশেদ মিয়ার বুকে আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী হাসনা বেগম বলেন, সামান্য পানি পড়া নিয়ে এমন ঘটনা ঘটবে কল্পনাও করিনি। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিজ্ঞাপন
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








