Logo

আশুলিয়ায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৫ মে, ২০২৬, ১৮:৫৫
আশুলিয়ায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে যাত্রাপথে আশুলিয়ায় তীব্র যানজটে পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন অংশে প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবীনগর এবং নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগর থেকে বাইপাইল ও জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত যানজটের তীব্রতা দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অন্যদিকে নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত আরও প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। অনেককে বাসের ভেতরে গরমে অস্বস্তি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

সাভার পরিবহনের যাত্রী মুন্না হোসেন জানান, বিকেল ৪টার দিকে গাবতলী থেকে চন্দ্রার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু দেড় ঘণ্টা পার হলেও আশুলিয়ার বাইপাইল এলাকায় যানজটে আটকে আছেন।

ওয়েলকাম পরিবহনের চালক মো. মারুফ বলেন, দুপুরের পর থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে সড়কে যানবাহনের সংখ্যাও অনেক বেড়ে গেছে। যানজটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বাইপাইল পর্যন্ত পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় লাগছে।

বিজ্ঞাপন

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, সড়কের বিভিন্ন স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে যানজট বাইপাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD