Logo

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৫ মে, ২০২৬, ১৩:৪৯
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের
প্রতীকী ছবি।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, আনিছুর রহমান ও তার চার বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগম নিহত আনিছুর রহমানের স্ত্রী। আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ৬টার দিকে তাদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও শিশু পুষ্পর নিহত হয়। গুরুতর আহত হন আয়েশা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে তাৎক্ষণিকভাবে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD