ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোরে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
বিজ্ঞাপন
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ৬ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, হতাহতরা সবাই রডবোঝাই ট্রাকের ওপর চড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। তারা সবাই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাবোলা গ্রামের বাসিন্দা। নিহতরা পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








