Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৫ মে, ২০২৬, ১১:২১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহত সাতজনকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD