চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাত, প্রাণ গেল বাড়ি ফেরা শ্রমিকের

নরসিংদীর ঘোড়াশাল এলাকায় চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সামসুল হক সরকারের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে আলোচনায় ৩৫ মণের ‘সাদাময়না’
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছিলেন সজিব। রাজধানীতে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন তিনি। ঈদের ছুটি উপলক্ষে পরিবারের কাছে ফেরার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের শরীরে বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
পরে উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশের সদস্যরা ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে স্টেশনে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
বিজ্ঞাপন
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রেনের ছাদে একজনের মরদেহ দেখতে পাওয়া যায়। তার বুকের অংশ ও পরনের পোশাক বজ্রপাতে দগ্ধ হয়েছিল বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।








