Logo

মৌলভীবাজারে নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীকে মিষ্টি খাওয়ালেন বিজয়ী এম নাসের রহমান

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪২
মৌলভীবাজারে নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীকে মিষ্টি খাওয়ালেন বিজয়ী এম নাসের রহমান
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ থাকলেও মৌলভীবাজারে দেখা গেল অনন্য সৌহার্দ্যের দৃষ্টান্ত। নির্বাচনে বিজয়ী প্রার্থী এম নাসের রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর শুক্রবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার দত্তগ্রামে আব্দুল মান্নানের বাসভবনে যান বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টি খাওয়ান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। পরে আব্দুল মান্নান ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আব্দুল মান্নান বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে জয়-পরাজয় থাকবেই। জনগণের রায়কে আমি সম্মান জানাই। এম নাসের রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন—আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মৌলভীবাজারের উন্নয়ন ও কল্যাণে আমরা সবাই মিলে কাজ করবো। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু শত্রুতা নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত এলাকার মানুষের উন্নয়ন।

বিজয়ী প্রার্থী এম নাসের রহমান বলেন, আব্দুল মান্নান ভাইয়ের এই সৌজন্যমূলক আচরণ সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে মৌলভীবাজারে এখনো রাজনৈতিক সৌন্দর্য ও সহনশীলতা রয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—আমি সবার প্রতিনিধিত্ব করবো। দল-মত নির্বিশেষে মৌলভীবাজারের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

এ সময় দুই নেতার সমর্থকরাও একে অপরকে অভিনন্দন জানান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দেয় এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

মৌলভীবাজারের সাধারণ মানুষও ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রতিদ্বন্দ্বিতা শেষে পারস্পরিক সম্মান ও সৌজন্য রাজনীতিকে আরও পরিপক্ব ও গ্রহণযোগ্য করে তোলে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD