Logo

পরাজিত ও জয়ী প্রার্থীর মধ্যে সংঘর্ষ: দুই জেলায় আহত ১৩

profile picture
জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৪
পরাজিত ও জয়ী প্রার্থীর মধ্যে সংঘর্ষ: দুই জেলায় আহত ১৩
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ ও মেহেরপুরে পৃথক ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুই জেলায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-৫ আসন (নিকলী ও বাজিতপুর) এলাকায় বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সকাল ১১টার দিকে বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর ইউনিয়নের হুমায়ুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হুমায়ুনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রাশিদ বিজয়ী প্রার্থী শেখ মজিবুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাইয়ুম খান পরাজিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থক। সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান শেখ মজিবুর রহমান, যিনি আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। হাঁস প্রতীকে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে ১৩ হাজার ১৫৪ ভোটে পরাজিত করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মেহেরপুরে আহত ৩: মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন কর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে জোড়পুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—উজ্জ্বল হোসেন (৩০), মাসুদ রানা (৪৫) ও জুয়েল রানা (২৮)। গুরুতর আহত উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে চা পান করার সময় কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

বিজ্ঞাপন

আহতদের দাবি, সদ্য সমাপ্ত নির্বাচনে মেহেরপুর-২ আসনে জামায়াতের প্রার্থী নাজমুল হুদার পক্ষে কাজ করায় তাঁদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে।

গাংনী উপজেলা জামায়াতের মিডিয়া সেলের প্রধান মাহাবুব অভিযোগ করেন, সরকার গঠনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় তাঁদের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনকে প্রায় ৯ হাজার ভোটে হারিয়ে জামায়াত জোটের প্রার্থী নাজমুল হুদা জয়ী হয়েছেন। এ ফলাফলকে ঘিরে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD