Logo

চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১১
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, নান্দনিক ও পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তুলতে অনুমোদনহীন বিলবোর্ড ও অবৈধ বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন–এর মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, নগরজুড়ে অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে নিয়মিত অভিযান চালানো হবে এবং ধাপে ধাপে চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই দিন নগরের কাজীর দেউরী এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট টিম, প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া স্থাপিত বিভিন্ন আকারের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব অবৈধ স্থাপনা সড়কের দৃশ্যমানতা কমিয়ে দিচ্ছিল, ট্রাফিক সিগন্যাল ও সাইনবোর্ড আড়াল করছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল। উচ্ছেদের পর মোড়টির দৃশ্যমানতা বেড়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

অভিযান পরিদর্শনকালে মেয়র বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিলবোর্ড স্থাপন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের নির্ধারিত নীতিমালা মেনে বিজ্ঞাপন স্থাপন করতে হবে। অন্যথায় নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD