Logo

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ নিতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩১
চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ নিতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১-এর নাগরিকদের জন্য চাঁদাবাজি, দখলবাজি এবং যেকোনো অপরাধ সম্পর্কিত তথ্য সরাসরি জানাতে একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়টি জানিয়ে নাগরিকদের উৎসাহিত করেছেন, যাতে তারা অনলাইনের মাধ্যমে নিরাপদভাবে অভিযোগ জানাতে পারেন।

ফখরুলের পোস্টে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা যেকোনো সমস্যার তথ্য সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আমাকে জানান। অভিযোগগুলো যাচাই-বাছাই ও সংকলন করে দ্রুত প্রতিকার করা হবে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, ওয়েবসাইটটি গত ৭ জানুয়ারি উদ্বোধন হওয়ার পর থেকে ইতোমধ্যে বিপুল সাড়া পেয়েছে। তাতে অনেক নাগরিক অভিযোগ পাঠাচ্ছেন, যা তার টিম দ্রুত যাচাই-বাছাই করছে এবং প্রতিটি বার্তার জবাব দেওয়া হবে।

স্থানীয়রা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজির ভয়ে প্রকাশ্যে কিছু বলা মুশকিল। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি জানালে অন্তত একটা ভরসা পাওয়া যায়। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এটি বড় পরিবর্তন আনবে।

রোকসানা বেগম নামে এক শিক্ষক বলেন, জনপ্রতিনিধি সরাসরি অভিযোগ শোনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন। এটি ইতিবাচক দৃষ্টান্ত। মানুষ যেন নিরাপদে অভিযোগ জানাতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

অভিযোগের দ্রুত প্রতিকার বিষয়ে আহ্বান জানিয়ে আব্দুল কাদের নামে এক যুবক বলেন, শুধু মেসেজ নেওয়াই যথেষ্ট নয়, দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। মানুষ ফলাফল দেখতে চায়। অনেক সময় স্থানীয়ভাবে কথা বললে সমস্যা আরও বাড়ে। ওয়েবসাইট থাকলে অন্তত উপরে জানানো যায়। আমরা চাই, অভিযোগ দিলে পরিচয় গোপন রাখা হবে।

স্থানীয়ভাবে চাঁদাবাজি ও দখলবাজি কমাতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর একটি মাধ্যম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD