ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় আন্ডারপাসের ওপর মালবাহী দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার পুরাতন ফেরিঘাটের মাশুরগাঁও এলাকায় হাইওয়ে আন্ডারপাসের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। তিনি একটি ট্রাকের হেলপার ছিলেন। আহত ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আবদুল আজিজের ছেলে। তিনিও অপর ট্রাকটির হেলপার।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের হেলপার গুরুতর আহত হন। পেছনের ট্রাকের হেলপার শওকত বেপারী ট্রাকের ভেতরে আটকা পড়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর শ্রীনগর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আটকে পড়াদের উদ্ধার করেন। দুর্ঘটনার সময় হাইওয়ের ওই লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাফিজ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








