Logo

পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৪ আগস্ট, ২০২৬, ১৭:১৮
পূবাইলে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি প্রতিনিধি।

গাজীপুরের পূবাইলে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মহসিন মিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মহসিনকে চুরি হওয়া ইজিবাইকসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহসিন মিয়া গাজীপুর মহানগরীর পূবাইল থানার বিন্দান বাদুরতলা এলাকার ইউনুস আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর মামা ইজিবাইকচালক। তিনি আংশিক বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৮ জুলাই বিকেলে সিয়াম মিয়া (২০) ও শাহ আলী (২৪) টঙ্গী যাওয়ার কথা বলে তাঁকে চঙ্গেরবাইদ মসজিদ মোড়ে ইজিবাইক নিয়ে আসতে বলেন। সেখান থেকে তাঁকে নিয়ে টঙ্গী স্টেশন রোডে যাওয়া হয়। সেখানে চা ও পানের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে সিয়াম, মহসিন ও শাহ আলী তাঁকে ইজিবাইকসহ আব্দুল্লাহপুরে নিয়ে যান। সেখানে ইজিবাইকটি রাস্তার পাশে রেখে মহসিন তাঁকে একটি চায়ের দোকানে নিয়ে যান। নেশাগ্রস্ত অবস্থায় জোর করে দুটি স্ট্যাম্পে টিপসই নেওয়া এবং পরে ইজিবাইকটি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৪ আগস্ট পূবাইল থানায় মামলা নম্বর-৩ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩২৮, ৩৭৯ ও ৩৮৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম, এএসআই সামাদ শেখ ও পুলিশের একটি দল এ অভিযান চালায়। মহসিন এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

বিজ্ঞাপন

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, উদ্ধার করা ইজিবাইকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মহসিনকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD