সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে দেওয়া ওই স্ট্যাটাসে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
সম্প্রতি ডা. মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’
একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেক সংবাদকর্মী ও সাধারণ ব্যবহারকারী পোস্টটি নিয়ে আপত্তি জানান। সমালোচনা বাড়তে থাকলে পরবর্তী সময়ে পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয় অথবা (প্রাইভেসি পরিবর্তন করা হয়)।

এ বিষয়ে একাধিক গণমাধ্যম কর্মীরা জানান, ডা. মিজানুর রহমানের মন্তব্যটি শুধু আপত্তিকরই নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে একজন কর্মকর্তা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারেন না। আমরা তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে জানতে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
তবে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আঃ সালাম বলেন, একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বিষয়টি নজরে আসার পর জেলা স্বাস্থ্য বিভাগ এবং ঊর্ধ্বতন মহলে তোলপাড় শুরু হয়েছে। সচেতন মহল মনে করছেন, দায়িত্বশীল পদে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকসংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।








