চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে। র্যাবের তথ্যানুযায়ী, গ্রেফতারদের একজন চারটি মামলার আসামি।
বিজ্ঞাপন
গ্রেফতার অভিযান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বায়েজিদ লিংক রোডের আরেফিন নগরের একটি বহুতল ভবনে পরিচালিত হয়।
গ্রেফতাররা হলেন—ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) এবং তার সহযোগী আবুল কালাম আজাদ (৬২)।
বিজ্ঞাপন
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমতিয়াজ নগরীর অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘ সময় তিনি মধ্যপ্রাচ্যে অবস্থান করে দেশে-বিদেশে বিভিন্ন নম্বর ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। এই কাজে ইন্টারনেটভিত্তিক কলিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করতেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আবুল কালাম আজাদ ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী। তিনি চাঁদার টাকা সংগ্রহ এবং ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র্যাব জানিয়েছে।








