একুশের ভোরে হাদির ছবি হাতে শহীদ মিনারে বোন মাসুমা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আয়োজন করা হয়েছিল পদযাত্রা, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল। এ অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তার বোন মাসুমা হাদি।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে তরুণ-তরুণীরা মাসুমা হাদির নেতৃত্বে জড়ো হন। এরপর তারা শহরের প্রধান রাস্তা ধরে পদযাত্রা শুরু করেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড এবং ওসমান হাদির ছবি নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে এগিয়ে যান।
আরও পড়ুন: সদরপুরে ভাষা শহীদের স্মরণে প্রভাতফেরী
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভাষা আন্দোলনের শহীদদের সঙ্গে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিজ্ঞাপন
বক্তৃতায় মাসুমা হাদি বলেন, একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। আমার ভাই শরীফ ওসমান হাদি সবসময় ইনসাফের কথা বলেছিল। সে বিশ্বাস করত, ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একই সঙ্গে আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।
তিনি আরও বলেন, আমার ভাই ক্ষমতার রাজনীতি করতে চাইতেন না। তিনি চেয়েছিলেন ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের অধিকার নিশ্চিত হোক। সেই আদর্শ থেকেই তিনি আন্দোলনে ছিলেন। আমরা চাই, তার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। ভাষা আন্দোলনের চেতনা মানে কেবল ফুল দেওয়া নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ন্যায়বিচার প্রতিষ্ঠাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান।
বিজ্ঞাপন
শহীদ শরীফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতীয় অঙ্গনে পরিচিতি পান। শিক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তরুণদের আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চলাকালীন ১২ ডিসেম্বর বিজয়নগর ও পুরাতন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাঁর জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান।








