যশোরে আবাসিক হোটেল থেকে প্লাস্টিক ব্যবসায়ীর মরাদেহ উদ্ধার

যশোর শহরের মসজিদ লেন এলাকার ‘প্রিন্স’ নামক একটি আবাসিক হোটেল থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর একটার দিকে হোটেলের ৩০৩ নম্বর রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে। তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক এবং প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসা করতেন।
হোটেল সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ হারুন অর রশিদ ওই হোটেলের ৩০৩ নম্বর রুমে ওঠেন। হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে রুমে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার চেকআউটের সময় দরজায় অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি জানান, বিছানার ওপর ব্যবসায়ী হারুন অর রশিদকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ রাখা ছিল, যার ফলে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ফোনটির ফ্লাইট মোড বন্ধ করার পরপরই নিহতের জামাতা আসাদুজ্জামানের কল আসে এবং তাকে মৃত্যুর সংবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে।








