যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে যশোরে রাত ৮টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে শপিংমল ও পোশাকের দোকানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে। ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কঠোরভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, "বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের বিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসি বন্ধ রাখতে হবে এবং শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জা সীমিত করতে হবে।"
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, আগামীকাল শুক্রবার (৬ মার্চ) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।








