জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

জামালপুর শহরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সহযোগিতায় পুলিশ অভিযান চালায়। পরে রাত দেড়টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০)কে গ্রেফতার করা হয়। এ সময় নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬)-এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে তাহা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তাইফুরের মাদকাসক্তির কারণে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত।
বিজ্ঞাপন
নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তানিয়া তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন তাকে ফোন করে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরে থেকে কাচের জানালা ভেঙে দেখা যায়, তানিয়ার দগ্ধ মরদেহ খাটের ওপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে গ্রেফতার এবং মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
বিজ্ঞাপন
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, স্থানীয় লোকজন ও সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








