দৌলতপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কার প্রেক্ষাপটে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে কঠোর অবস্থানে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত করা কিংবা সীমান্তপথে ভারতে পাচারের চেষ্টা চালাতে পারে—এমন আশঙ্কা থেকে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তজুড়ে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও চলাচলের ওপর তল্লাশি চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় বাড়তি টহল, গোয়েন্দা তৎপরতা এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্তপথে জ্বালানি তেল পাচারের যে কোনো অপচেষ্টা আইনগতভাবে কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।








