Logo

শেষ হয়নি উদ্ধার কাজ, বিকল্প ট্রেনে যাতায়াত

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৯ মার্চ, ২০২৬, ১১:২৯
শেষ হয়নি উদ্ধার কাজ, বিকল্প ট্রেনে যাতায়াত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রেল চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯টি বগির মধ্যে ৪টি উদ্ধার করে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে। বাকি বগিগুলো সরানোর কাজ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো লাইন সচল করতে আরও অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হবে, তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

স্থানীয় রেল কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থল থেকে বগিগুলো সরানোর কাজ এখনও চলছে। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এদিকে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট পদ্ধতি চালু করেছে রেলওয়ে। অর্থাৎ, দুর্ঘটনাস্থলের দুই পাশে থাকা ট্রেন পরিবর্তন করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যাত্রীরা দুর্ঘটনাস্থলের এক পাশে নেমে হেঁটে অন্য পাশে গিয়ে আবার ট্রেনে উঠছেন। ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রীরা এই পদ্ধতিতে যাতায়াত করছেন।

তবে এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেককে মালামাল নিয়ে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পার হতে হচ্ছে। সান্তাহার ও আশপাশের স্টেশনগুলোতে হাজারো যাত্রী আটকা পড়ে আছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন বিকল্প পথে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD