ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ করে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচল শুরু করলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এবং ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে সারারাত অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও চলতে থাকে।
বিজ্ঞাপন
তিনি জানান, আপাতত ট্রেন চলাচল শুরু হলেও ওই স্থানে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে এবং মেরামত কাজ এখনও অব্যাহত রয়েছে। ঈদের আগমুহূর্তে এ ধরনের দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশও করা হয়।
উল্লেখ্য, দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট এক সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।








