সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ২০ গ্রামের মুসল্লিদের ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এসব জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন।
বিজ্ঞাপন
শুক্রবার সকাল সাড়ে ৮টায় জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এবং বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদরাসা মাঠে একযোগে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আয়ড়া মাদরাসা মাঠে ইমামতি করেন আল আমিন এবং খয়েরবাড়িতে দোলোয়ার হোসেন। দুই জামাতেই ২০ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়ে খয়েরবাড়ি জামাতের ইমাম দোলোয়ার হোসেন বলেন, সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা হওয়ায় দিনের পরিবর্তন হয় না। এ কারণেই তারা এভাবে নামাজ আদায় করে থাকেন।
তিনি আরও জানান, ১৯৯৭ সাল থেকে এ বিষয়ে চিন্তা-ভাবনা থাকলেও ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার জানান, জোতবানি ও বিনাইল ইউনিয়নে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশের ব্যবস্থা নেওয়া হয়। দুই জামাতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন।








