জিয়ার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে মৌলভীবাজারে ব্যতিক্রমী বইমেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী বই প্রদর্শনী ও বইমেলার।
বিজ্ঞাপন
রাজনৈতিক কর্মসূচির গণ্ডি পেরিয়ে নতুন প্রজন্মের কাছে জিয়ার জীবন, কর্ম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাষ্ট্রগঠনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এম নাসের রহমান বলেন, একটি জাতির রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা জানতে বইয়ের কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, জিয়াউর রহমানের জীবন ও অবদান নিয়ে গবেষণা এবং পাঠচর্চা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
পরে জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে এম নাসের রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত বই সম্পর্কে খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
মেলায় জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শনের পাশাপাশি মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নানা গ্রন্থ প্রদর্শন করা হয়। এতে লেখক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এবং বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
আরও পড়ুন: ঈদের আগে বজ্রপাতে কোরবানির গরুর মৃত্যু
আয়োজকদের মতে, স্মরণানুষ্ঠানের পাশাপাশি ইতিহাসভিত্তিক জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজন। তাদের বিশ্বাস, বইয়ের মাধ্যমে ইতিহাস ও আদর্শের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








