Logo

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

profile picture
আজাহারুল ইসলাম সুজন
৩০ মে, ২০২৬, ১৪:৩৭
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ছবি এআই।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান সময়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত ইউনিয়নের গাবতলি বাজার এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। তাকে গত ২২ মে দিবাগত রাত দেড়টার দিকে মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া, হৃদরোগজনিত জটিলতা এবং মেনিনজাইটিসে আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

অপরদিকে ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার সাড়ে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গত ২৫ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি সে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ শিশু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।

বিজ্ঞাপন

হাম পরিস্থিতি সম্পর্কে সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে ৩০ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৪৯ শিশু। বর্তমানে ভর্তি থাকা শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD