Logo

ফেসবুক আইডি কেন্দ্র করে চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

profile picture
উপজেলা প্রতিনিধি
ফটিকছড়ি, চট্টগ্রাম
৩০ মে, ২০২৬, ১৫:১৫
ফেসবুক আইডি কেন্দ্র করে চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল (৩২)। তিনি ওই এলাকার মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় বড় ভাই মো. জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোট ভাই জয়নাল এগিয়ে এলে বড় ভাই জাফর উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ছুরি দিয়ে তিনি জয়নালকে এলোপাতাড়ি আঘাত করেন।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD