ঈদের দিনে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হৃদয় নামে আরও এক আরোহী আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। আহত হৃদয় একই এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে ঘুরতে বের হয়ে তারা মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই সুরুজের মৃত্যু হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








