কুমিল্লার বাস-ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামের একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাটি তদন্তে রেলওয়ের পক্ষ থেকেও পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে এবং উদ্ধারকাজে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়।








