Logo

পাবনায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৩ মার্চ, ২০২৬, ১৫:৫৬
পাবনায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো শহরে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। সকালে এক পক্ষের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়।

পরে উভয় পক্ষ পৃথক বিক্ষোভ মিছিল বের করলে শহরের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে গিয়ে উত্তেজনা চরমে পৌঁছে এবং সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি অফিসে ভাঙচুর চালানো হয় এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে চেষ্টা চালালেও পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নয় রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

বিজ্ঞাপন

সংঘর্ষের পর শহরের বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD