ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে মায়ের আর্তনাদ, বিচারের দাবি

ঝালকাঠিতে ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচারের দাবি করেছেন এক মা। সোমবার দুপুরে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে লিয়া মনি আক্তার তার মেয়ে জেসমিনের লাশ কোলে নিয়ে অভিযোগ করেন, সন্তানের মৃত্যুর জন্য দায়ী তার প্রেমিক হৃদয় বেপারী। এ ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানান তিনি।
এ সময় লিয়া মনির পরিবারসহ স্বজনরা মানববন্ধনে অংশ নেন। বক্তব্যে তারা জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারীর সঙ্গে লিয়া মনির সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি গর্ভবতী হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
বিজ্ঞাপন
অভিযোগ করা হয়, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ১৯ ফেব্রুয়ারি কৌশলে নবজাতক শিশুকে নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারী ও তার স্বজনরা। পরে শিশুটিকে সড়কের পাশে ফেলে রেখে যায় তারা। সেখান থেকে এক পথচারী শিশুটিকে উদ্ধার করে একটি চাইল্ড হোমে পাঠায়।
পরে প্রায় তিন মাস পর বিষয়টি জানতে পেরে শিশুটিকে ফিরে পেতে উদ্যোগ নেয় লিয়া মনির পরিবার। ডিএনএ পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া শেষে গত ৯ মার্চ শিশুটিকে অসুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে লিয়া মনি বাদী হয়ে ৯ মার্চ ঝালকাঠি থানায় হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে প্রধান অভিযুক্ত হৃদয় বেপারী পলাতক রয়েছে। তার বাবা আবুল বেপারী অভিযোগ অস্বীকার করেছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








